বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:23:52
| কলকাতা

সরকারি স্কুলের পাশাপাশি বিদ্যাভারতীর প্রসারে জোর,মুখ্যমন্ত্রীর নতুন লক্ষ্য!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: রাজ্যে বিদ্যাভারতী পরিচালিত বিদ্যামন্দিরের সংখ্যা আগামী এক বছরের মধ্যে এক হাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গোলপার্কে বিদ্যাভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই লক্ষ্য নির্ধারণ করেন।একইসঙ্গে শিক্ষা দফতর ও বিদ্যাভারতী একসঙ্গে কাজ করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং স্কুলশিক্ষা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি,আগামী প্রজন্মের শিক্ষার ক্ষেত্রে বিদ্যাভারতী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এদিন বামফ্রন্ট সরকারের আমলের শিক্ষা ব্যবস্থা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, দীর্ঘ বাম শাসনে বাংলা ভাষার প্রসারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। পাশাপাশি ইতিহাসের পাঠ্যবইয়ে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে,সরকারি স্কুল একের পর এক বন্ধ হওয়ার মুখে। শিক্ষক ও পড়ুয়ার অভাবে রাজ্যের বহু স্কুল কার্যত ধুঁকছে।প্রসঙ্গত,বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকে ৩০-এর কম পড়ুয়া থাকা ৩২টি স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। একই এলাকায় বিদ্যাভারতী পরিচালিত সরস্বতী বিদ্যামন্দিরগুলিতে তুলনামূলকভাবে বেশি পড়ুয়া রয়েছে।

মুখ্যমন্ত্রীর বিদ্যাভারতীর স্কুল সম্প্রসারণের ঘোষণাকে ঘিরে শিক্ষা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রশ্ন উঠেছে—সরকারি স্কুলের ভবিষ্যৎ যেখানে অনিশ্চিত, সেখানে আরএসএসের শাখা সংগঠন বিদ্যাভারতীর স্কুল সম্প্রসারণে কেন এত জোর?রাজ্যের বিরোধীরা এটিকে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের আরও একটি পদক্ষেপ বলে কটাক্ষ করেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।