ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে ভাঙচুরের অভিযোগ,বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দফতরে ভোররাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ একদল সশস্ত্র দুষ্কৃতী অফিসে ঢুকে তাণ্ডব চালায়। অফিসের কর্মীদের মারধর, মোবাইল ফোন ছিনতাই এবং বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
অভিষেকের দাবি, ঘটনার পর বারবার কলকাতা পুলিশকে ফোন করা হলেও প্রায় দু’ঘণ্টা পুলিশ কোনও পদক্ষেপ করেনি। তাঁর অভিযোগ, অফিস থেকে এয়ার পিউরিফায়ার, প্রিন্টার, টিভি-সহ একাধিক সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। কারণ, তিনি আগের রাতেই দিল্লির উদ্দেশে কলকাতা ছেড়েছিলেন এবং সেই সুযোগেই হামলা চালানো হয়।
বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, রাজনৈতিক হিংসা ও ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফতর এবং কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই ঘটনা গণতন্ত্রের উপর আঘাত এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
