কারখানার শব্দে ক্ষোভ, প্রতিবাদে সংঘর্ষ—ভাঙড়ে মুখোমুখি বিজেপি-আইএসএফ,আহত একাধিক!

ইয়ামউদ্দিন সাহাজি, মানুষের মতামত: পাথর কারখানার মেশিনের শব্দ ও কম্পনের প্রতিবাদকে কেন্দ্র করে বিজেপি ও আইএসএফের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার মালঞ্চ পদ্মপুকুর এলাকায়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, পাথর ভাঙার মেশিন চলার সময় তীব্র শব্দ ও কম্পন হচ্ছে। এর জেরে এলাকার বেশ কিছু পাকা ও কাঁচা বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে বলেও অভিযোগ। এই সমস্যার প্রতিবাদ করতে গিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
বিজেপির বুথ সভাপতি শিবু দেবনাথের অভিযোগ,প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা চালানো হয় এবং তাঁর স্ত্রী পলি দেবনাথকে মারধর করা হয়েছে। পাল্টা আইএসএফ নেতা আসাদুল মোল্লার অভিযোগ, কারখানার দিকে ইট-পাটকেল ছোড়ার খবর পেয়ে সেখানে গেলে তাঁর উপর হামলা হয়। তিনি ও আইএসএফ কর্মী সান্টু মোল্লা আহত হয়েছেন বলে দাবি। দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
