ব্রাউন সুগার-সহ পেট্রোল পাম্পের মালিক গ্রেফতার,উদ্ধার বিলাসবহুল গাড়ি!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ময়নাগুড়ি শহরে মাদকবিরোধী অভিযানে ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি পেশায় পেট্রোল পাম্পের মালিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযানে তাঁর কাছ থেকে মাদক উদ্ধার করার পাশাপাশি একটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে ময়নাগুড়ির সুভাষনগর পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানেই ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তাঁর কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। উদ্ধার হওয়া গাড়িটি মাদক কারবারে ব্যবহার করা হত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মাদক চক্রের সঙ্গে ধৃতের যোগসূত্র এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
