উপভোক্তার হাতে নয়, পঞ্চায়েতের গোডাউনে! ১৭ সবুজ সাথী সাইকেল ঘিরে চাঞ্চল্য!

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোডাউনে মজুত সরকারি সামগ্রী ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে স্টিকার লাগানো ১৭টি সবুজ সাথী সাইকেল, একাধিক নতুন হুইলচেয়ার, ত্রাণের পলিথিন ও ত্রিপল দেখা গিয়েছে। সরকারি সামগ্রীগুলি কতদিন ধরে মজুত এবং কেন উপভোক্তাদের হাতে পৌঁছয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের সময় ত্রিপল-পলিথিনের জন্য মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। আবার শারীরিকভাবে অক্ষম একাধিক ব্যক্তি হুইলচেয়ারের জন্য আবেদন করেও তা পাননি বলে দাবি। সাইকেলগুলির দীর্ঘদিন পড়ে থাকা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে।
তবে প্রাক্তন উপপ্রধান রবি রাভার দাবি, সাইকেলগুলি সরকারি কর্মসূচির জন্য ব্লক প্রশাসন থেকে এসেছিল, পরে নিয়ে যাওয়া হয়নি। হুইলচেয়ার ভোটের কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলেও জানান তিনি।পুরো বিষয়টি প্রশাসনিক তদন্তে স্পষ্ট হওয়ার দাবি উঠেছে।
