সুন্দরবনে ফের বাঘের হামলা,গুরুতর জখম কুলতলীর মৎস্যজীবী!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সুন্দরবনে ফের বাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহতের নাম আজিজ মোল্লা। তিনি কুলতলীর মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজিজ মোল্লা-সহ কয়েকজন মৎস্যজীবী রায়দিঘি থেকে বরফ নিয়ে ট্রলারে করে সুন্দরবনের জঙ্গল সংলগ্ন এলাকায় ইলিশ ধরতে গিয়েছিলেন। জাল গুছিয়ে রাখার সময় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ।
বাঘের সঙ্গে বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর সঙ্গী মৎস্যজীবীরা তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে কুলতলীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরের প্রস্তুতি চলছে। আজিজ মোল্লার পরিবারে স্ত্রী ও চার সন্তান রয়েছে। ঘটনায় সুন্দরবন লাগোয়া মৎস্যজীবী মহলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
