News

জলের ড্রামে মরা পাখি! সেই জলেই রান্না মিড ডে মিল,পানও পড়ুয়াদের—ক্যানিংয়ের স্কুলে চরম গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: স্কুলের পানীয় জলের ড্রাম খুলতেই বেরিয়ে এল মরা পাখি! অভিযোগ,সেই ড্রামের জলই দিনের পর দিন ব্যবহার হয়েছে পড়ুয়াদের মিড ডে মিল রান্নায়। এমনকী, সেই জলই পান করেছে খুদে পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গলাডহরা কুসুম মনি এফপি স্কুলে।

অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই পানীয় জলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। পরে ড্রাম খুলতেই দেখা যায়, ভিতরে পড়ে রয়েছে মরা পাখির দেহ। ততদিনে দেহে পোকাও ধরেছে বলে অভিযোগ। খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রধান শিক্ষক গোবিন্দ মণ্ডল দীর্ঘদিন অসুস্থ থাকায় স্কুলের কাজকর্ম তাঁর স্ত্রী তথা প্যারা টিচার কাকুলি কবিরাজ মণ্ডল দেখভাল করেন বলে স্থানীয়দের দাবি। দুর্গন্ধ ও মরা পাখির বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা। ফলে উঠছে বড় প্রশ্ন—পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে এত বড় গাফিলতি কীভাবে চলল?

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *