দেড় মাস জেলবন্দি থাকার পর জামিন, মায়ের অসুস্থতায় লাহেককে স্বস্তি!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তিতে অভিযুক্ত সিপিএম নেতা লাহেক আলী অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন। দেড় মাসেরও বেশি সময় জেলে বন্দি থাকার পর কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাহেকের এই অন্তর্বর্তী জামিন অনুমোদন করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া এই যুব নেতার মা বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক এই জরুরি ও মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করেই হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন লাহেকের আইনজীবীরা। সেই আবেদনের সওয়াল-জবাব শেষে সব দিক পর্যালোচনা করে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয় আদালত।
জামিনে থাকাকালীন তিনি তাঁর নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না। বারুইপুর থানা মামলার প্রয়োজনে তলব করলেই তাঁকে হাজিরা দিতে হবে।
উল্লেখ্য, বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। অভিযোগ ওঠে, সেই সময় এলাকায় উস্কানিমূলক মন্তব্য করে অশান্তি ছড়িয়েছিলেন লাহেক আলী। উক্ত অভিযোগের ভিত্তিতে গত জুলাই মাসের শেষ সপ্তাহে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
গত দেড় মাসে নিম্ন আদালত ও সংশ্লিষ্ট ফোরামে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে মায়ের শারীরিক অবস্থার নথিপত্র আদালতে পেশ করার পর মিলল সাময়িক স্বস্তি।
