চন্দ্রকোনা পৌরসভায় প্রথম ডেঙ্গু আক্রান্ত শিশু,তৎপর প্রশাসন!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভায় এই প্রথম ডেঙ্গু আক্রান্তের খবর সামনে এল। আক্রান্ত হয়েছে মাত্র চার বছরের এক শিশু। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের খবর ছড়াতেই নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়ি বাড়ি সচেতনতা প্রচার শুরু হয়েছে। পাশাপাশি মশার উপদ্রব কমাতে মশা নিধন তেল স্প্রে ও অন্যান্য প্রতিরোধমূলক কাজ জোরকদমে চালানো হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এলাকার মানুষের একাংশের অসচেতনতার কারণেও পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। বাসিন্দাদের বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রুখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
