বৃহস্পতিবার, সেপ্টেম্বর 3, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest News

বইমেলার মঞ্চে নয়া সমীকরণ!৫০-র বইমেলায় নেতৃত্বের হাতবদল!বাম-তৃণমূলের পর এবার গেরুয়া শিবির!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পড়ছে। পঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেতৃত্বের হাতবদল হচ্ছে। এতদিন রাজ্যে বামফ্রন্ট ও পরবর্তী সময় তৃণমূল শাসনের সময় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের দুই শীর্ষ নেতা দে’জ পাবলিশিংয়ের সুধাংশু দে ও পত্রভারতীর ত্রিদীপ চট্টোপাধ্যায় মূলত এই বইমেলা নিয়ন্ত্রণ করতেন। এই বইমেলার পেছনে পূর্বতন সিপিএম ও তৃণমূল রাজ্য সরকারের পুরোপুরি সহযোগিতা ছিল।

কিন্তু এবার কলকাতা বইমেলায় পরিবর্তনের ছোঁয়া আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। শুধু পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড নয়, অন্য নানা সংগঠনকে নিয়ে এবার বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত বিভিন্ন স্তরে আলাপ-আলোচনা চালিয়েছেন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডসহ নানা সংগঠনের কর্তাব্যক্তিদের সঙ্গে ইতিমধ্যে রাজ্য প্রশাসনের কথাবার্তা চলছে।

রাজ্য প্রশাসন পুরোপুরি সহযোগিতার হাত বাড়াবে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এবার বইমেলায় গেরুয়া শিবিরের নিয়ন্ত্রণ অনেকটাই বাড়বে। এতদিন যেভাবে সিপিএম বা তৃণমূলের নিয়ন্ত্রণ ছিল, এবার কলকাতা বইমেলায় একইভাবে ভারতীয় জনতা পার্টির নিয়ন্ত্রণ আসবে বলে আশঙ্কা করছেন সাধারণ নাগরিকরা। ফলে এবার পঞ্চাশতম বইমেলা কীভাবে, কেমনভাবে সম্পন্ন হয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ।

বাংলাদেশ এবারের বইমেলায় অংশ নেবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে বাংলাদেশকে এই বইমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা থেকে বহু পাবলিশার্স এবারেও এই বইমেলায় অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের এই আন্তর্জাতিক বইমেলায় আসাম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের নানা প্রকাশনী সংস্থা অংশ নিতে চলেছেন বলে এখনকার সূত্রের খবর।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সুধাংশু দে বা ত্রিদীপ চট্টোপাধ্যায় এ নিয়ে এখনো মুখ খোলেননি, তারা নীরবই রয়েছেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।