মানিকচকে উনুনের আগুনে ছাই দিনমজুরের ঘর,অল্পের জন্য রক্ষা বড় বিপদ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রান্নার উনুন থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক দিনমজুরের গোটা রান্নাঘর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনমজুর শেখ আইয়ুব উনুনে রান্না চাপিয়ে ছাদ থেকে চাল আনতে নীচে গিয়েছিলেন। সেই সময় আচমকাই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে খাদ্যসামগ্রী, জামাকাপড়-সহ রান্নাঘরের অধিকাংশ জিনিস পুড়ে যায়।
আগুন দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশে থাকা গ্যাস সিলিন্ডারটি দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে অসহায় পরিবারটিকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
