দিল্লির পর পাঞ্জাবের গদিতে নজর? কেজরিওয়ালের ‘মুখ্যমন্ত্রী-অঙ্ক’ ঘিরে জল্পনা!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: এই মুহূর্তে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রিত্বের গদি হারিয়ে ও দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। আম আদমি পার্টিতে ভাঙ্গন দেখা দিয়েছে। রাঘব চাড্ডার নেতৃত্বে সাত জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। পাঞ্জাবে আম আদমি পার্টির মধ্যে নির্বাচনের আগে ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত সিং মানের কাজকর্ম নিয়েও দলের অন্তরে ক্ষোভ দেখা দিয়েছে। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে আম আদমি পার্টি আবার ক্ষমতায় এলে সেখানে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। অতীতে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির চেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পরিকল্পনা করলেও তা বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার পাঞ্জাবে আগামী বছর প্রথমে যে নির্বাচন হতে চলেছে তাতে কংগ্রেস জোরালো দাবিদার হয়ে উঠেছে। কংগ্রেস পাঞ্জাবে সংগঠন সাজাচ্ছে, জনসংযোগও তাদের তুঙ্গে উঠেছে। তুলনামূলকভাবে বিজেপি ও আকালি দল অনেকটাই পিছিয়ে। এই পরিস্থিতিতে
ভগবান্ত সিং মানের বিরুদ্ধে আম আদমি পার্টির অভ্যন্তরে যে বিক্ষোভ তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার ঘুঁটি সাজাচ্ছেন বলে রাজনৈতিক মহল মনে করছেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ মহল এই ধরনের জল্পনায় জল ঢেলেছেন। তারা মনে করছেন যে কংগ্রেস ও বিজেপি ইচ্ছাকৃতভাবে কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এবং ভগবান্ত সিং মানের সঙ্গে কেজরিওয়ালের সংঘাত বাধাবার লক্ষ্যেই এই ধরনের প্রচার চালাচ্ছেন। যদিও রাজনৈতিক মহলের নির্দিষ্ট খবর যে অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ঘুঁটি সাজিয়ে চলেছেন।
