NewsPoliticsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

হকার বনাম পথচারী:পার্ক সার্কাসে ফুটপাথ দখলমুক্তির অভিযান,উচ্ছেদ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: কলকাতার ফুটপাথ পথচারীদের জন্য ব্যবহারযোগ্য করে তুলতে নতুন করে অভিযান শুরু করেছে রাজ্য সরকার। সোমবার পার্ক সার্কাসের ধাঙড় বাজার সংলগ্ন এলাকায় ফুটপাথ পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং বেআইনি দখল সরানোর কাজ চলে। প্রশাসনের তরফে ফুটপাথ জুড়ে বসা দোকানদার ও হকারদের জায়গা খালি করতে বলা হয়। কয়েকজনকে সীমিত জায়গায় ব্যবসা চালানোর নির্দেশ দেওয়া হলেও স্থায়ীভাবে ফুটপাথ দখল করে বসার সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের অভিযোগ, বিকল্প ব্যবস্থা না করে হকারদের সরানো হলে বহু নিম্নআয়ের মানুষের জীবিকা বিপন্ন হবে। অন্যদিকে বহু পথচারীর বক্তব্য, দোকান ও দখলের কারণে ফুটপাথ দিয়ে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বাধ্য হয়ে পরিবার ও শিশুদের নিয়ে ব্যস্ত রাস্তা দিয়ে চলাচল করতে হত। আবর্জনা জমে থাকা এবং বেআইনি পার্কিং নিয়েও ক্ষোভ ছিল।

নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ফুটপাথ পথচারীদের জন্য এবং তা দখলমুক্ত রাখাই সরকারের লক্ষ্য। বিরোধীদের সমালোচনার জবাবে তাঁর দাবি, শহরের যানজট, রাস্তা, নিকাশি ও বেআইনি দখলের সমস্যা সমাধান না হলে বিনিয়োগের পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিনের সমস্যা দ্রুত মেটানো সম্ভব নয়। সরকারের প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শহরে নতুন বিনিয়োগ টানতে পরিচ্ছন্ন রাস্তা, দখলমুক্ত ফুটপাথ ও নিয়ন্ত্রিত যানজট জরুরি বলে মনে করছে সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, বিনিয়োগকারীরা শহরের পরিকাঠামো দেখেই সিদ্ধান্ত নেন— তাই কলকাতাকে আরও সুশৃঙ্খল ও বিনিয়োগবান্ধব করে তোলাই লক্ষ্য।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *