ডোমকলে ফের লাল আবির! সমবায় ভোটে ৮-০ জয় সিপিআইএমের

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:মুর্শিদাবাদের ডোমকলে সমবায় নির্বাচনে একতরফা জয় পেল সিপিআইএম। হেররামপুর বানিয়াখালি সমবায় সমিতির আটটি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। রবিবার ভোটগ্রহণ ও গণনা শেষে ফল প্রকাশ হতেই লাল আবিরে মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা।
প্রায় এক দশক পর হওয়া এই নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলকে পিছনে ফেলে সমিতির দখল নেয় বামেরা। বিজয় মিছিলে যোগ দেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। তাঁর দাবি, এই ফল বামেদের প্রতি মানুষের নতুন আস্থার ইঙ্গিত।
অন্যদিকে কংগ্রেস নেতা রেজাউল করিমের অভিযোগ, তৃণমূলের একাংশ গোপনে সিপিআইএমকে সমর্থন করেছে। যদিও সেই অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। ২০১৬ সালে শেষ নির্বাচনে সমিতির দখল ছিল কংগ্রেসের হাতে। তাই ৮-০ ফল ঘিরে ডোমকলের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বামেদের উত্থান নিয়ে আলোচনা।
