পুজোর আগে ‘তিক্ত’ মিষ্টান্ন শিল্প,চিনির দাম ঘিরে উদ্বেগ:রসগোল্লা-সন্দেশে বড়সড় মূল্যবৃদ্ধির শঙ্কা!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের মিষ্টান্ন শিল্পে বড় সংকট তৈরি হয়েছে চিনির অস্বাভাবিক দাম বৃদ্ধিকে ঘিরে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকার মিষ্টি ব্যবসায়ীদের দাবি, এভাবে দাম বাড়তে থাকলে পুজোর সময় চিনি কেজি প্রতি ১০০ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।
ভীম নাগ, নবকৃষ্ণ গুই, কেশীদাস-সহ একাধিক পুরনো মিষ্টির দোকানের ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ে চিন্তিত। তাঁদের মতে, কাঁচামালের খরচ যে হারে বাড়ছে, তাতে মিষ্টির দাম না বাড়িয়ে ব্যবসা চালানো কঠিন হবে। অনেকের আশঙ্কা, কিছু মিষ্টির দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে পুজোর বাজারে বিক্রিতেও বড় ধাক্কা লাগতে পারে।
ব্যবসায়ী সংগঠনগুলির দাবি, সরকার নিয়ন্ত্রিত দামে মিষ্টির দোকানগুলিকে চিনি সরবরাহ করুক। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র বিদেশ থেকে চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে। এ নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
অন্যদিকে, চিনির দাম বৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কালোবাজারির কারণেও দাম বাড়ছে কি না, সেই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীদের একাংশ।
