লাল-সবুজ-গেরুয়া বদলেছে,শিক্ষাঙ্গণে রাজনীতির ছবি বদলায়নি:২৪৭ কলেজে নতুনভাবে সভাপতির দায়িত্বে শাসকদলের হেভিওয়েটরা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:লাল ফিকে হয়েছে,সবুজ ঝরে গিয়েছে,এখন গেরুয়া উড়ছে। কিন্তু শিক্ষাঙ্গণে রাজনীতির পরিচিত ছবির বিশেষ বদল হল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে যখন শিক্ষাঙ্গণে রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, ঠিক তখনই রাজ্যের ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতির সভাপতি বদলের তালিকা প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। সেখানে শাসকদলের সাংসদ,বিধায়ক ও মন্ত্রীদের নামই বেশি নজর কেড়েছে।
উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ (প্রশাসন ও নিয়ন্ত্রণ) আইন,২০১৭-এর নির্দিষ্ট ধারায় এই মনোনয়ন করা হয়েছে। নতুন সভাপতি দায়িত্ব নিলেই আগের প্রশাসকের মেয়াদ শেষ হবে।
তালিকা অনুযায়ী, বোলপুর কলেজের সভাপতি হয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রামপুরহাট কলেজে দায়িত্ব পেয়েছেন ধ্রুব সাহা। আশুতোষ কলেজে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, বঙ্গবাসী কলেজে সজল ঘোষ এবং বিদ্যাসাগর কলেজের বিভিন্ন শাখায় শিল্পমন্ত্রী তাপস রায়ের নাম রয়েছে।
উত্তর ২৪ পরগনা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ির বিভিন্ন কলেজেও সাংসদ-বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে। হাবরার চৈতন্য কলেজে শান্তনু ঠাকুর, বালুরঘাট কলেজে সুকান্ত মজুমদার এবং জলপাইগুড়ির একাধিক কলেজে জয়ন্ত কুমার রায়ের নাম রয়েছে।
