বিমান বসুর বুকে সফল পেসমেকার,হাসপাতালে স্থিতিশীল মীরা ভট্টাচার্যও!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:হৃদযন্ত্রের সমস্যার কারণে দিল্লির এমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান বামপন্থী নেতা তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের সিদ্ধান্তের পর তাঁর বুকে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে বলে সিপিআই(এম) সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।
অস্ত্রোপচারের পর বিমান বসুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং পেসমেকার বসানোর পর আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন।এই ধারা বজায় থাকলে এবং সমস্ত শারীরিক প্যারামিটার স্বাভাবিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
অন্যদিকে,অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। প্রধানত পেটের সমস্যা ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।ইতিমধ্যে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসকরা তাঁর পরবর্তী চিকিৎসার রূপরেখা ঠিক করবেন বলে জানা গিয়েছে।
