ব্যাঙ্ক নিরাপত্তায় কড়া নজর,ওসিদের ১০ দফা নির্দেশ পুলিশ কমিশনারের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ব্যাঙ্কে ডাকাতি,ছিনতাই বা অন্য কোনও অপরাধের ঝুঁকি আগেভাগে ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি আনছে পুলিশ। বিশেষ করে ব্যাঙ্ক চত্বর ও আশপাশে নজরদারি বাড়ানো, নিরাপত্তার ফাঁকফোকর চিহ্নিত করা এবং সন্দেহজনক গতিবিধির উপর দ্রুত পদক্ষেপের লক্ষ্যে থানার ওসিদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার আইপিএস অজয় নন্দ।
নির্দেশিকায় বলা হয়েছে—
– টহলরত পুলিশকর্মীদের নিয়মিত ব্যাঙ্ক পরিদর্শন করতে হবে।
– নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্কের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে হবে।
– পর্যাপ্ত ও দক্ষ নিরাপত্তারক্ষী রয়েছেন কি না, তা দেখতে হবে।
– সিসি ক্যামেরা ও আপৎকালীন অ্যালার্ম ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে।
– ব্যাঙ্কের আশপাশে সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের উপর কড়া নজর রাখতে হবে।
– ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী ও আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
– ডাকাতি বা অন্য অপরাধের গোপন খবর মিললেই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
– গোয়েন্দা বিভাগের ডাকাতিবিরোধী শাখা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও অপরাধী শনাক্তকরণে থানাগুলিকে সাহায্য করবে।
– সহকারী কমিশনার বা ডেপুটি কমিশনার নিজ নিজ এলাকায় ব্যাঙ্ক টহলদারির তদারকি ও পর্যালোচনা করবেন।
– উৎসব, বিশেষ অনুষ্ঠান বা বড় অঙ্কের নগদ লেনদেনের সময় প্রয়োজন হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে।
