১০ অক্টোবর ডেডলাইন! গ্রামের রাস্তা গর্তমুক্ত করতে কড়া নবান্ন!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:গ্রামীণ রাস্তার বেহাল দশা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। বৃহস্পতিবার জারি করা নির্দেশিকায় সব মুখ্য, জেলা ও নির্বাহী বাস্তুকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বৃষ্টি ও বন্যাসদৃশ পরিস্থিতিতে বহু গ্রামের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এই পদক্ষেপ।
নির্দেশ অনুযায়ী, ইঞ্জিনিয়ারদের অবিলম্বে এলাকা পরিদর্শন করে মেরামতযোগ্য রাস্তা চিহ্নিত করতে হবে। পথশ্রী ও স্টেট ফান্ডের অধীন চলতি কাজ ৬০ দিনের মধ্যে শেষ করার পাশাপাশি আগামী ১০ অক্টোবরের মধ্যে সমস্ত চিহ্নিত গ্রামীণ রাস্তা গর্তমুক্ত, নিরাপদ ও ব্যবহারযোগ্য করতে হবে। সময়সীমা কোনওভাবেই বাড়ানো হবে না বলেও স্পষ্ট করেছে দফতর।
কাজে গাফিলতি হলে শুধু ঠিকাদার নয়, দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকদেরও কারণ দর্শানোর নোটিস এবং শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক পিআইইউ-কে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
