NewsPolitics

‘বিজেপির জয়ের কারিগর মমতা-অভিষেকরাই’,কালনায় বিস্ফোরক কার্তিক মহারাজ

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের আসল কারিগর দলের নেতা-কর্মী বা সাধুরা নন, বরং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবির—এমনই দাবি করলেন কার্তিক মহারাজ। মঙ্গলবার কালনার বিজেপি কার্যালয়ে এসে তিনি বলেন, রাজ্যজুড়ে গীতাপাঠ কর্মসূচি হিন্দু চেতনার ভিত তৈরি করেছিল। তবে তৃণমূল নেতাদের একাধিক মন্তব্যই শেষ পর্যন্ত বিজেপির ভোটব্যাঙ্ককে আরও শক্তিশালী করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে কার্তিক মহারাজের দাবি, তাঁদের ‘হুঁশিয়ারি ও দম্ভের’ বিরুদ্ধেই বাংলার মানুষ ব্যালটবাক্সে জবাব দিয়েছেন। তাঁর কথায়, বিজেপির অতি বড় নেতারাও ১৬৫টির বেশি আসনে জয়ের কথা কল্পনা করেননি।

ডিলিমিটেশন নিয়েও এদিন মন্তব্য করেন কার্তিক মহারাজ। তাঁর দাবি, ভবিষ্যতে রাজ্যে বিধানসভা আসন সংখ্যা প্রায় ৩৫০ হলে বিজেপির আসন আরও বাড়বে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেন তিনি।

এদিন কালনায় প্রস্তাবিত ১৩১ ফুট উচ্চতার শিবলিঙ্গ নির্মাণের জমিও পরিদর্শন করেন কার্তিক মহারাজ। উপস্থিত ছিলেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার এবং প্রকল্পের উদ্যোক্তা ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত পাল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *