ইন্ডিপেন্ডেন্স ডে নয়,‘স্বরাজ দিবস’—মোদিকে চিঠি শান্তনুর!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:‘ইন্ডিপেন্ডেন্স ডে’ শব্দবন্ধটি ডিকশনারি থেকে সরিয়ে তার পরিবর্তে ‘স্বরাজ দিবস’ পালনের দাবি তুললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার স্বাধীনতা দিবসে বনগাঁর ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের পর এই মন্তব্য করেন তিনি। শান্তনু জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন।
তাঁর দাবি, ভারত বরাবরই স্বাধীন ও আত্মনির্ভর ছিল, ব্রিটিশরা এদেশ দখল করেছিল। তাই ব্রিটিশদের দেওয়া ‘ইন্ডিপেন্ডেন্স’ শব্দ বহন করার প্রয়োজন নেই। তাঁর বক্তব্য, স্বাধীনতার দিন থেকেই দেশে নতুন স্বরাজ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই দিনটিকে ‘স্বরাজ দিবস’ বলা উচিত। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অগ্রগতির কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
