৮০তম স্বাধীনতা দিবসে শুভেন্দুর ‘বেতার চমক’,আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:এবারের স্বাধীনতা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ রাজ্য সরকারের। শনিবার দেশের ৮০তম স্বাধীনতা দিবসের সকালে আকাশবাণীর মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষ হওয়ার পর আকাশবাণী কলকাতার এফএম-সহ বিভিন্ন ব্যান্ডে সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর বক্তব্য।
স্বাধীনতা দিবসের প্রাক্কালেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে ভাষণের পর আকাশবাণীতে মুখ্যমন্ত্রীর একটি সংক্ষিপ্ত বার্তা সম্প্রচারের কথা রয়েছে।
এবার আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন—কেন্দ্রের ‘হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতেও পশ্চিমবঙ্গ সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। সরকারি মহলের দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রীর এভাবে পূর্ণাঙ্গ বেতার ভাষণ দেওয়ার ঘটনা নজিরবিহীন। অতীতে বিভিন্ন প্রশাসনিক, সামাজিক বা শিক্ষাসংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীদের বেতার বার্তা শোনা গেলেও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এমন আয়োজন এবারই প্রথম। ফলে রাজ্যের এবারের স্বাধীনতা দিবস উদ্যাপনে যোগ হচ্ছে নতুন মাত্রা।
