‘কন্যা রত্ন’ দিয়ে নতুন বার্তা শুভেন্দুর, শিক্ষা-সুরক্ষা-ক্ষমতায়নে জোর,১০.৭৭ লক্ষ কন্যার অ্যাকাউন্টে ৪১৮ কোটি!
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যে নতুন সমন্বিত কর্মসূচি ‘কন্যা রত্ন’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ‘কন্যা রত্ন দিবস’ উপলক্ষে রাজ্যে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। জন্মের সময় লিঙ্গ অনুপাতের উন্নতি, প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি, কন্যাশিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, স্কুলছুট রোধ এবং ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধিকে এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১,৬০০ ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিল। ‘কন্যা রত্ন’ কর্মসূচির আওতায় ১০.৭৭ লক্ষ কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৪১৮ কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে ৯.৪৮ লক্ষ কন্যা পেয়েছে ১,০০০ টাকা করে এবং ১.২৯ লক্ষ কন্যা পেয়েছে ২৫,০০০ টাকা করে।
একই সঙ্গে মহিলাদের জন্য চালু হয়েছে ১৮১ হেল্পলাইন। এই নম্বরে সরকারি প্রকল্পের তথ্যের পাশাপাশি পুলিশ, দমকল, অ্যাম্বুল্যান্স ও আইনি সহায়তা পাওয়া যাবে। কর্মজীবী মায়েদের সন্তানদের দিবাযত্ন, পুষ্টি ও প্রাথমিক বিকাশের জন্য মুখ্যমন্ত্রী ‘পালনা’ নামে নতুন ক্রেশ উদ্যোগেরও সূচনা করেন।

