ভিন রাজ্যে আত্মগোপনের পর পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে প্রেমপাল!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:প্রায় দেড় মাস আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জামুড়িয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি কয়লা ও বালি পাচার, অবৈধ সিন্ডিকেট পরিচালনা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
গত ১ জুলাই বহুলায় প্রাক্তন বিধায়কের বাড়ি সংলগ্ন কার্যালয়ে পুলিশি অভিযানে ইসিএলের বেশ কিছু গোপন নথি এবং প্রায় ৮০ রাউন্ড ব্যবহৃত কার্তুজ উদ্ধারের দাবি করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই প্রেমপাল এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারীদের দাবি, বেআইনি সিন্ডিকেটের সঙ্গে আরও কারা যুক্ত এবং ইসিএলের নথি কীভাবে ওই কার্যালয়ে পৌঁছেছিল, তা জানতে প্রেমপালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। শুক্রবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হবে।
