বিল থেকে পরিষেবা—অনিয়মে এবার সরাসরি নালিশ,রোগীর অধিকার রক্ষায় ২৪x৭ হেল্পলাইন!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যের বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার কিংবা প্যাথলজিক্যাল সেন্টারে পরিষেবা নিয়ে হয়রানির শিকার হলে এবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। মাত্রাতিরিক্ত বিল, প্রয়োজনীয় পরিষেবা না দিয়েও টাকা নেওয়া, চিকিৎসা পরিষেবায় গাফিলতি-সহ বিভিন্ন অভিযোগ জানানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন।
কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোগী ও তাঁদের পরিবারের সুবিধার জন্য চালু হয়েছে ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন। ১৮৬০-৩৪৫-৩৫১২ নম্বরে ফোন করে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে।
শুধু ফোন নয়,অভিযোগ জানানোর জন্য আরও একাধিক ব্যবস্থাও রেখেছে কমিশন। [email protected] ই-মেল আইডিতে অভিযোগ পাঠানো যাবে। পাশাপাশি কমিশনের সরকারি ওয়েবসাইটের মাধ্যমেও অভিযোগ দায়ের করা যাবে। চাইলে ডাকযোগেও লিখিত অভিযোগ পাঠানো যাবে কমিশনের দফতরে।
তবে ডাকযোগে অভিযোগ জানানোর ক্ষেত্রে অভিযোগকারীর মোবাইল নম্বর ও ই-মেল আইডি দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন। বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে ওঠা নানা অভিযোগের প্রেক্ষিতে এই ২৪ ঘণ্টার হেল্পলাইন সাধারণ মানুষের অভিযোগ জানানোর পথ আরও সহজ করবে বলেই মনে করা হচ্ছে।
