আইন কোথায়? পুলিশের সামনেই সরকারি ডাক্তারকে বেধড়ক মারধর,গরু-দুর্ঘটনার ‘শাস্তি’ গণপিটুনি?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:উত্তরপ্রদেশের বদায়ূনে গাড়ির ধাক্কায় একটি গরুর মৃত্যুকে কেন্দ্র করে গণপিটুনির শিকার হলেন সরকারি চিকিৎসক ডা. রাহুল সিদ্ধার্থ। অভিযোগ, দুর্ঘটনার পর তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করে উত্তেজিত জনতা এবং তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনার সময় পুলিশকর্মীদের উপস্থিতি দেখা গিয়েছে বলে প্রকাশিত ভিডিও ও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘিরে ফের প্রশ্ন উঠেছে ‘মব জাস্টিস’ ও ক্রমবর্ধমান সামাজিক অসহিষ্ণুতা নিয়ে। আখলাক, নাসির ও জুনাইদের মতো অতীতের গণহিংসার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন—এ ধরনের হিংসার বিরুদ্ধে উত্তর প্রদেশ সরকারের স্পষ্ট অবস্থান কী? আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রুখতে প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
