নেতাজি বিতর্ক:বিজেপির ঘরের আগুন অনন্ত,নেভাতে নামল শুভেন্দু প্রশাসন!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: বঙ্গ বিজেপির কাছে অনন্ত মহারাজ এখন যেন এক অস্বস্তির নাম। রাজবংশী সমাজে প্রভাবশালী এই নেতাকে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি। কিন্তু সাংসদ হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে দলের অবস্থানের বাইরে গিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, নিজের দলের সাংসদকেও রেয়াত না করার বার্তা দিতে হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।
অনন্ত মহারাজ সম্প্রতি নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ বলে মন্তব্য করার পাশাপাশি আজাদ হিন্দ ফৌজ এবং স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। সেই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।
এবার সরাসরি প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটলেন শুভেন্দু। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন—নেতাজিকে অসম্মান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, মন্তব্য এমনকি আপত্তিকর পোস্টে ‘লাইক’ করার ঘটনাও নজরে রাখতে হবে। প্রয়োজনে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। সাংসদ, বিধায়ক কিংবা সরকারি আধিকারিক—কেউ আইনের ঊর্ধ্বে নন বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সাইবার আইন ও ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুভেন্দুর বার্তা আরও কড়া—আপত্তিকর পোস্ট মুছে ফেলতে হবে, প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। শুধু পোস্ট ডিলিট করলেই রেহাই মিলবে না, পুলিশ আইন মেনেই ব্যবস্থা নেবে এবং সেই প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। ফলে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও যে এই নির্দেশের বাইরে নন, তা কার্যত পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আর এখানেই বিজেপির অস্বস্তি। যাঁকে একসময় উত্তরবঙ্গে দলের বড় রাজনৈতিক সম্পদ বলে মনে করা হয়েছিল, সেই অনন্তই আজ বারবার দলের জন্য বিড়ম্বনার কারণ হয়ে উঠছেন। দলীয় সাংসদ হয়েও তাঁর লাগামহীন মন্তব্যে এবার প্রশাসনকেই কঠোর অবস্থান নিতে হচ্ছে।
