PSC-তে বড়সড় সংস্কার, ১৭ হাজারের বেশি শূন্যপদ পূরণে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে বড়সড় পদক্ষেপের পথে সরকার। গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন নিয়োগকারী সংস্থার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ও কো-অপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দায়িত্বও ভবিষ্যতে পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, আটকে থাকা পরীক্ষার ফল দ্রুত প্রকাশ এবং বিলম্বিত পরীক্ষা জরুরি ভিত্তিতে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ৫৪টি দফতর থেকে PSC-র কাছে গ্রুপ ‘A’-তে ২,৪৯০টি, গ্রুপ ‘B’ ও সমতুল্য পদে ২,৮৪৮টি এবং গ্রুপ ‘C’ ও সমতুল্য পদে ১২,৩৭৬টি শূন্যপদ পূরণের চাহিদা রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১৭,৭১৪। বিভিন্ন পরীক্ষার স্ক্রিনিং, প্রিলিমিনারি ও মেইন পর্যায়ে প্রায় ১২.৬৫ লক্ষ প্রার্থীর ফল প্রকাশ বাকি রয়েছে।
এছাড়াও আগামী দিনে আরও প্রায় ৮,০০৬টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে PSC। নতুন নিয়োগে সরকারের ঘোষিত বর্ধিত বয়সসীমার সুবিধাও মিলবে। সংশোধিত OBC সংরক্ষণ ব্যবস্থা পরীক্ষার সূচিতে প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে। UPSC-র ধাঁচে ডিজিটাল ব্যবস্থা, দ্রুত ফলপ্রকাশ এবং বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলার উপরও জোর দিচ্ছে PSC।
