আন্দোলন-অসন্তোষ-শরিক বিদ্রোহেই কি বিপদে মোদী সরকার? কেন্দ্রের সামনে কি বড় সঙ্কট?যশবন্ত-মমতার পূর্বাভাসে চাঞ্চল্য!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:২০২৯ পর্যন্ত কি টিকবে নরেন্দ্র মোদী সরকার? এই প্রশ্নেই এখন নতুন করে সরগরম জাতীয় রাজনীতি। অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—দু’জনেই দাবি করেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার পূর্ণ মেয়াদ শেষ করার আগেই বড় রাজনৈতিক সঙ্কটে পড়তে পারে।
যশবন্ত সিনহার দাবি, জেন-জি বিক্ষোভ, কৃষক ও শ্রমিক আন্দোলন, সাধারণ মানুষের ক্ষোভ, বিজেপির অন্দরের অসন্তোষ এবং এনডিএ শরিকদের সম্ভাব্য বিদ্রোহ—সব মিলিয়ে কেন্দ্রের সমীকরণ বদলে যেতে পারে। তাঁর মতে, গুরুত্বপূর্ণ কয়েকটি শরিক সমর্থন প্রত্যাহার করলে সরকারের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়নও প্রায় একই। তাঁর ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন বলে দাবি, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার কিংবা চিরাগ পাসোয়ানের মতো শরিকরা ভবিষ্যতে রাজনৈতিক অবস্থান বদলাতে পারেন। তার সঙ্গে বিরোধীদের লাগাতার রাজপথের আন্দোলন কেন্দ্রকে আরও চাপে ফেলবে।
তৃণমূল নেত্রী ইতিমধ্যেই দলীয় কর্মীদের সংগঠন শক্তিশালী করার বার্তা দিয়েছেন। পুরসভা নির্বাচন থেকে রাজপথ—সব ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
যদিও এই সমস্ত পূর্বাভাস উড়িয়ে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, এগুলি বিরোধীদের রাজনৈতিক প্রচার ছাড়া আর কিছুই নয়।
