“কথায় এক, কাজে আর এক”—শমীককে তীব্র কটাক্ষ সুজনের, বিজেপিকে ‘তৃণমূলের পুনর্বাসন কেন্দ্র’ বলে আক্রমণ

নিজস্ব প্রতিবেদক মানুষের মতামত,:তৃণমূলের আমলে রাজ্য “তোলাবাজির আখড়া” হয়ে গিয়েছিল এবং বিজেপিকে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে—শমীক ভট্টাচার্যের এই মন্তব্যেই পাল্টা তোপ দাগলেন সিপিএমের শীর্ষ নেতা সুজন চক্রবর্তী। তাঁর প্রশ্ন, “কথায় এক, কাজে আর এক—শমীকবাবুর দাবির সঙ্গে বাস্তবের মিল কোথায়?”
সুজনের অভিযোগ, যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এতদিন তোলাবাজি, দুর্নীতি ও দখলদারির অভিযোগ তুলে সরব ছিল বিজেপি, আজ তাঁদেরই একাংশ গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ মুখ। তাঁর কটাক্ষ, “ভালো তৃণমূল, খারাপ তৃণমূল—এই তত্ত্বে দল চালালে তোলাবাজির সংস্কৃতি বন্ধ হবে কী করে?”
সুজন আরও বলেন, “তৃণমূলের নেতারাই আজ বিজেপির নেতা। শুধু পতাকার রং বদলালেই রাজনৈতিক সংস্কৃতি বদলে যায় না।” তাঁর দাবি, শাসকদল ও বিজেপির এই ‘দলবদলের রাজনীতি’ দেখে রাজ্যের মানুষ ক্রমশ বিরক্ত ও অস্থির হয়ে উঠছেন। কথার ফুলঝুরি নয়, মানুষ এখন বাস্তবে পরিবর্তনের প্রমাণ চাইছে।
