তৃণমূলকে দুর্বল করতে শাহের নয়া কৌশল, নজরে পুরসভা থেকে পঞ্চায়েত!

তপন রায়,মানুষের মতামত: শুধু তৃণমূলের সাংসদ-বিধায়ক নয়, এবার পুরসভা, পুরনিগম ও পঞ্চায়েত স্তরের প্রভাবশালী নেতা-কর্মীদেরও বিজেপিতে আনার প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব—এমনটাই দলীয় সূত্রের খবর। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ইতিমধ্যেই প্রায় ৬৫ জন তৃণমূল বিধায়ক বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন।
সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের পর্যবেক্ষকদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির নাম করে তোলাবাজি, হুমকি ও হামলার অভিযোগ নিয়েও কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বিগ্ন। এ ধরনের কার্যকলাপে দলের কেউ যুক্ত থাকলে তা বরদাস্ত করা হবে না—রাজ্য নেতৃত্বকে সেই বার্তাও দেওয়া হয়েছে বলে খবর।
অন্যদিকে রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচন নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বকে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন শুভেন্দু। সূত্রের দাবি, তৃণমূল যাতে ফের সংগঠন শক্তিশালী করতে না পারে, সে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়-বিরোধী অবস্থানে থাকা তৃণমূলের জনপ্রতিনিধি এবং স্থানীয় স্তরের প্রভাবশালী নেতাদের দ্রুত বিজেপিতে আনার কৌশল নেওয়া হচ্ছে। ফলে ভোট-পরবর্তী বাংলায় দলবদলের রাজনীতি আরও তীব্র হওয়ার সম্ভাবনা।
