নেশার ঘোরে সাত মাসের সন্তানকে নিয়ে পালানোর অভিযোগ, তাড়া খেয়ে রাস্তার ধারে ফেলে চম্পট বাবা!

তপন রায়,মানুষের মতামত:নেশার ঘোরে নিজের সাত মাসের কন্যাসন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে পালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি শহরের বোসপাড়া এলাকায় ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শিশুটির মা গীতা মণ্ডলের অভিযোগ, তাঁর স্বামী নিয়মিত নেশা করেন এবং দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক নেই।
রাতে পরিবারের সদস্যদের নজর এড়িয়ে অভিযুক্ত শিশুটিকে নিয়ে বেরিয়ে যান। শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাঁর পিছু নিলে রাস্তার ধারে শিশুটিকে ফেলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ। পরে মৌসুমি ঘোষ, বিজু সূত্রধর-সহ স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি পান মা।
কেন শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল,তার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
