রাজনৈতিক পালাবদলের পর প্রথম বড় শক্তিপ্রদর্শন, লালবাজারে কংগ্রেসের মিছিল!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ও বিজেপির ক্ষমতায় আসার পর আজ কলকাতায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দ্বিতীয়বার শক্তি প্রদর্শন করল। এর আগে ২১শে জুলাই শহীদ দিবসে তারা শহীদ মিনারে সমাবেশ করে। আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার অভিযান করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতারা এই মিছিলের পুরোভাগে ছিলেন।
কংগ্রেসের অভিযোগ যে ২১শে জুলাই কলকাতায় কংগ্রেসের সমাবেশে যোগ দিতে আসার সময় ৬৭ জন কংগ্রেস কর্মী ও নেতা বিজেপি গুন্ডাদের হাতে প্রহৃত হন। তাঁদের মারধর করা হয় এবং বাস ভাঙচুর করা হয়। একই সঙ্গে ১৯৯৮ সালের ২১শে জুলাই কলকাতায় যে গুলিচালনার ঘটনা ঘটে, সেই ঘটনার অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন তৃণমূল মন্ত্রী ও সাংসদ মণীশ গুপ্তের বিচার চেয়ে তাঁর ফাইল খোলার দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস।
এদিন প্রদেশ কংগ্রেস নেতারা মিছিল দেখে অভিভূত হয়ে যান। কয়েক হাজার কংগ্রেস কর্মী লালবাজার অভিযানে অংশ নেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর বিরোধী পরিসর দখলে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। এদিন মিছিলে জনস্রোত দেখে সন্তুষ্ট হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরুণ সভাপতি শুভঙ্কর সরকার সহ প্রদেশ কংগ্রেসের নেতারা।
