জোড়াফুলের ৩ সাংসদের ইস্তফা,২৪ জুলাই রাজ্যসভায় উপনির্বাচন!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্য থেকে শূন্য হওয়া তিনটি রাজ্যসভার আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভোটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের তিন রাজ্যসভার সাংসদ—সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব—নিজ নিজ পদ থেকে ইস্তফা দেন। তিনজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। এর মধ্যে সুস্মিতা দেবের কার্যকালের এখনও প্রায় চার বছর বাকি ছিল, আর সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকের প্রায় তিন বছর মেয়াদ অবশিষ্ট ছিল।
এই তিনটি আসন শূন্য হওয়ায় দ্রুত উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ৭ জুলাই থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। এরপর ২৪ জুলাই ভোটগ্রহণের পাশাপাশি একই দিন ভোটগণনা ও ফলাফলও ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সুখেন্দু শেখর রায় ৮ জুন, সুস্মিতা দেব ১০ জুন এবং প্রকাশ চিক বড়াইক ১১ জুন রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। তাঁদের পদত্যাগের জেরেই এই তিনটি আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে।
