NewsPolitics

অভিন্ন দেওয়ানি বিধি নয়, সোমবার বিধানসভায় গুন্ডা দমন ও ওবিসি নিয়ে চারটি বিল!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:সোমবার রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নয়, জননিরাপত্তা, অসামাজিক কার্যকলাপ দমন এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংক্রান্ত মোট চারটি নতুন বিল পেশ করতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর মধ্যে রয়েছে ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬’ এবং ‘পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা (সংশোধনী) বিল, ২০২৬’। পাশাপাশি ওবিসি তালিকা ও অনগ্রসর শ্রেণি কমিশনের কার্যপ্রণালী সংক্রান্ত আরও দুটি সংশোধনী বিলও আনা হবে।

নতুন জননিরাপত্তা বিলে বেআইনি দখল, বালি ও খনি পাচার, জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি এবং জনশৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধে অভিযুক্তদের বিচারের আগেই সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত প্রতিরোধমূলকভাবে আটক রাখার প্রস্তাব রয়েছে। প্রয়োজনে কাউকে নির্দিষ্ট এলাকা থেকে নির্বাসিত করা এবং অপরাধে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে। অন্যদিকে, জনশৃঙ্খলা রক্ষা (সংশোধনী) বিলে দাঙ্গা, অগ্নিসংযোগ বা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আদায়ের জন্য বিশেষ দাবিনিষ্পত্তি কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। সরকারের দাবি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। যদিও বিরোধীদের অভিযোগ, ভবিষ্যতে এই আইন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *