কলকাতা টিভিতে তালা, কর্মহীন ৫০-এর বেশি কর্মী;অনিশ্চয়তায় চ্যানেলের ভবিষ্যৎ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বাংলার সংবাদমাধ্যমে আরও এক দুঃসংবাদ। দীর্ঘ আর্থিক সংকট, বকেয়া বিল এবং প্রশাসনিক জটিলতার জেরে কার্যত সম্প্রচার বন্ধ হয়ে গেল কলকাতা টিভির। এর ফলে ৫০ জনেরও বেশি সাংবাদিক, অসাংবাদিক ও প্রযুক্তিগত কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। অভিযোগ, বহু কর্মীর বেতন দীর্ঘদিন ধরে বকেয়া ছিল, পাশাপাশি পিএফ জমা নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অফিসের ভাড়াও বকেয়া রয়েছে, পাশাপাশি বাজারে বিপুল দেনার দায়ও তৈরি হয়েছে। কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে চ্যানেল চালানো সম্ভব নয়। কয়েক মাস ধরেই আর্থিক অনিশ্চয়তা চরমে পৌঁছেছিল; অনেক কর্মী বিনা বেতনেই কাজ চালিয়ে যাচ্ছিলেন, কেউ কেউ সামান্য অর্থ পাচ্ছিলেন।
একসময় তৃণমূল ঘনিষ্ঠ কৌস্তভ রায়ের পরিচালনায় চলা এই চ্যানেল নানা আইনি ও লাইসেন্স সংক্রান্ত সমস্যার মধ্যেও টিকে ছিল। তবে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রায় দুই দশক আগে অপর্ণা সেন ও সুমন চট্টোপাধ্যায়কে সামনে রেখে যাত্রা শুরু করা কলকাতা টিভি অতীতে বন্ধ হয়ে আবার ফিরে এসেছিল। কিন্তু এবার চ্যানেলটি নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়েই জল্পনা তুঙ্গে।
