NewsPolitics

নতুন জেলা, নতুন পুরসভা, নতুন দমকল কেন্দ্র— পরিবর্তনের বাজেটে উন্নয়নের ঝড়!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:পরিবর্তনের সরকারের বাজেটে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, নাগরিক পরিষেবা সম্প্রসারণ এবং গ্রামীণ-শহুরে পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে নতুন জেলা, পুলিশ জেলা, পুরসভা ও দমকল কেন্দ্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজেটে ঘোষণা করা হয়েছে, রাজ্যে চারটি নতুন জেলা গঠন করা হবে— বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গোপীবল্লভপুরকে নতুন পুলিশ জেলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নগরোন্নয়নের লক্ষ্যে রাজ্যে ৯টি নতুন পুরসভা গঠনের ঘোষণা করা হয়েছে। এগুলি হল— শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিদিঘি।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে হেমতাবাদ, বেনাচাপড়া, করণদীঘি, মানিকচক, ফলতা, লাভা, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে নতুন দমকল কেন্দ্র স্থাপনের ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দার্জিলিংয়ের ডালি দমকল কেন্দ্রকে আধুনিকীকরণ ও উন্নীত করা হবে।

সরকারের দাবি, এই পদক্ষেপগুলি প্রশাসনিক পরিষেবা, নিরাপত্তা ও জরুরি পরিষেবার মান আরও উন্নত করবে এবং রাজ্যের সামগ্রিক বিকাশে নতুন গতি আনবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *