শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Feature NewsNews

বাংলার রেলে ‘মেগা বুস্ট’! নবান্নে ১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণে বড়সড় আশার আলো দেখা গেল। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলের উচ্চপদস্থ প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও বিনিয়োগের ঘোষণা করা হয়।

ঘোষণাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রাজ্যে রেল খাতে প্রায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি। পাশাপাশি ১০২টি ‘অমৃত ভারত’ স্টেশনের আধুনিকীকরণ, ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ এবং চলতি অর্থবর্ষে বাংলার জন্য ১৪,০২৫ কোটি টাকার রেল বরাদ্দের কথা জানানো হয়।

মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ৪০টির বেশি আটকে থাকা রেল প্রকল্পের জন্য এনওসি দিয়েছে। জমি জট দ্রুত মেটাতে জেলাশাসকদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া করিমপুর, জলঙ্গী, লালগড়, গোপীবল্লভপুর, হিলি, সাগর ও সুন্দরবনের মতো দীর্ঘদিন রেলবিহীন এলাকাগুলিকে রেল মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেন প্রকল্প, কলকাতা মেট্রোর জন্য ৬০টি নতুন রেক এবং ডানকুনি-সুরত ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির ঘোষণাও বিশেষ গুরুত্ব পেয়েছে।

কাঁচরাপাড়া ও হাওড়ার রেল কারখানার আধুনিকীকরণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে, নবান্নের এই বৈঠক বাংলার রেল উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।