ছাত্র রাজনীতি না টাকার কারবার?সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উইপোকায় খাওয়া বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখন নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যের বহু কলেজ কার্যত “রিসোর্ট ও রেস্টুরেন্টে” পরিণত হয়েছে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের প্রবেশাধিকারও সীমিত। তিনি আরও দাবি করেন, অনলাইন ভর্তি প্রক্রিয়া চালুর আগে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে ছাত্রপিছু ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হতো। তাঁর কথায়, “নির্বাচিত ছাত্রদের মোটা টাকার বিনিময়ে ভর্তি করা হতো, আর সেই দুর্নীতির জেরেই অনেকে কোটিপতি হয়েছেন।”
সুরেন্দ্রনাথ কলেজে উদ্ধার হওয়া টাকার প্রসঙ্গ টেনে বিজেপি নেতার কটাক্ষ, “এত কালো টাকা জমেছে যে রাখার জায়গা নেই, তাই উইপোকাই খেয়ে ফেলছে।” ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।
