বিজেপি কর্মী বৈঠকে হামলার অভিযোগ, আহত ৪ সংখ্যালঘু কর্মী; তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি!!!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে বিজেপির একটি বুথভিত্তিক উন্নয়নমূলক বৈঠকে হামলার অভিযোগ উঠল। বিজেপির দাবি, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বৈঠক চলাকালীন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড, বাঁশ, ইটসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
ঘটনায় আহত হন ফুজাইল বিন হাসান (২৫), আবু হোসেন মোল্লা (৬২), মারুফ বিল্লাহ মোল্লা (৩৭) এবং আশুরা বিবি (৪৫)। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা হাড়োয়া ২ নম্বর মণ্ডলের সভাপতি অরবিন্দ বিশ্বাস অভিযোগ করেন, সংখ্যালঘু বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক চলছিল বলেই এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
