শিরোনাম: তাসের ঘরের মতো ভাঙছে ‘সাজানো বাগান’? পুরসভায় গণ-ইস্তফায় বাড়ছে রাজনৈতিক চাপ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ বদলের আবহে নিচুতলার রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। বিভিন্ন জেলায় একাধিক পুরসভায় চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এর জেরে প্রশাসনিক স্তরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যানের পাশাপাশি একাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন বলে খবর। হালিশহর, গারুলিয়া ও উত্তর ব্যারাকপুর পুরসভাতেও একাধিক জনপ্রতিনিধির পদত্যাগের ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও কাউন্সিলরদের একাংশের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ক্ষমতার পালাবদলের আবহে স্থানীয় স্তরে রাজনৈতিক অবস্থান বদলের প্রবণতা দেখা যেতে পারে। আবার অন্য অংশের দাবি, সাংগঠনিক অসন্তোষ বা প্রশাসনিক চাপও এর পিছনে কারণ হতে পারে। যদিও পদত্যাগের প্রকৃত কারণ নিয়ে এখনও সব ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি।
একের পর এক পদত্যাগের ঘটনায় সংশ্লিষ্ট পুরসভাগুলির প্রশাসনিক কাজকর্ম এবং ভবিষ্যৎ পরিচালনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী দিনে নতুন প্রশাসক নিয়োগ, নাকি দ্রুত নির্বাচন— এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
