বসিরহাট উপনির্বাচন ঘিরে জল্পনা,প্রার্থী হতে পারেন মমতা? রাজনৈতিক মহলে বাড়ছে জোর আলোচনা!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এই স্পর্শকাতর কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থীকে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে পরাজিত করেন। পরে আসনটি শূন্য হলেও বিধানসভা নির্বাচনের সময় সেখানে উপনির্বাচন হয়নি। এবার নির্বাচন কমিশন বসিরহাট উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাদুড়িয়া, উত্তর বসিরহাট, দক্ষিণ বসিরহাট, হাড়োয়া ও মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে। অন্যদিকে সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জে বিজেপি জয় পেয়েছে। তবে সামগ্রিকভাবে এই লোকসভা এলাকায় তৃণমূলের ভোটের ভিত্তি এখনও শক্তিশালী বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।
এমন পরিস্থিতিতে বসিরহাট উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিজেপির একাংশেরও নজর রয়েছে এই কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করতে বিরোধী শিবিরের সঙ্গে সমন্বয় বাড়ানোর পথেও হাঁটতে পারেন তৃণমূল নেত্রী। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, তা এখন সময়ই বলবে।
