সায়নী ঘোষের ‘মাথার দাম’ ঘোষণা? ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, এআই কারসাজির দাবি বিজেপি নেতার!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দাবি করা হয়, সায়নী ঘোষের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। অভিযোগের তির উত্তরপ্রদেশের সেকান্দরাবাদের বিজেপি নেতা ও পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতের দিকে।
১৮ মে হিন্দু সংগঠনগুলোর একটি বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করা হয়েছে বলে দাবি ওঠে। অভিযোগ, সায়নী ঘোষের পুরনো একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিতর্ক আরও তীব্র হয়। তবে বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে এবং তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই কারসাজি করা হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে ভিডিওটির সত্যতা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হয়নি। ফলে ভিডিওটি ঘিরে জল্পনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।
