রোগীদের নিরাপত্তা, গোপনীয়তা ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের IPD, OPD-সহ রোগী পরিষেবা এলাকায় হকার ও ফেরিওয়ালাদের অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করল স্বাস্থ্য দপ্তর।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:সরকারি হাসপাতালের ওয়ার্ডে হকার, ফেরিওয়ালা ও দোকানদারদের অবাধ প্রবেশে এবার লাগাম টানল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রোগীদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের IPD, OPD এবং অন্যান্য রোগী-পরিষেবা এলাকায় হকার ও ফেরিওয়ালাদের অননুমোদিত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে অবিলম্বে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। নির্দেশ বাস্তবায়নে কোনও গাফিলতি হলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের চিকিৎসার পরিবেশ ও রোগীদের সুরক্ষা বজায় রাখতেই এই পদক্ষেপ।
