পূর্ব মেদিনীপুরের খেজুরির কুলঠা গ্রামে রেশন না দেওয়ার অভিযোগে ডিলারের বাড়ি ঘেরাও উপভোক্তাদের। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরও রেশন না মেলার অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়েছে খাদ্য দপ্তর।
রাজকুমার বেরা,মানুষের মতামত:রেশন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা। পূর্ব মেদিনীপুরের খেজুরির কুলঠা গ্রামে রেশন ডিলার শোভারানী মহাপাত্রের বিরুদ্ধে রেশন না দেওয়ার অভিযোগ তুলে তাঁর বাড়ি ঘেরাও করেন গ্রাহকরা। অভিযোগ, অক্টোবর মাসে রেশনের জন্য গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর বারবার ঘোরানো হয়। চলতি মাসেও কয়েকজনের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলেও তাঁদের রেশন দেওয়া হয়নি।
রেশন না পাওয়ায় ক্ষুব্ধ উপভোক্তারা ডিলারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। ডিলারের দাবি, অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন। তাঁর মজুত রেশন তুলে নেওয়া হয়েছে এবং পাশের ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনায় ব্লক প্রশাসন ও খাদ্য দপ্তর পদক্ষেপ করেছে। ডিলারকে শোকজ নোটিশ পাঠিয়ে অসঙ্গতির বিষয়ে জবাব চাওয়া হয়েছে। খেজুরি-১ ব্লকের বিডিও জানান, রেশন না পাওয়া গ্রাহকদের রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে। অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
