কলকাতার ধর্মতলার একটি পাঁচতারা হোটেল থেকে উদ্ধার ৬৫ বছর বয়সি জার্মান নাগরিক টমাস লিনের মৃতদেহ। বন্ধ ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্তে নিউ মার্কেট থানা ও লালবাজারের হোমিসাইড শাখা।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:কলকাতার ধর্মতলার একটি পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হল এক জার্মান নাগরিকের মৃতদেহ। মৃতের নাম টমাস লিন, বয়স ৬৫ বছর। হোটেলের বন্ধ ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার কলকাতায় এসে চৌরঙ্গীর ওই হোটেলে ওঠেন জার্মান নাগরিক। ঘরে একাই ছিলেন তিনি। সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। খবর দেওয়া হয় পুলিশকে। হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা খুলে ভিতরে ঢুকে দেহ দেখতে পান পুলিশকর্মীরা। চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। নিউ মার্কেট থানা ও লালবাজারের হোমিসাইড শাখা তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
