রবিবার, নভেম্বর 22, 2026
20:40:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ধান-সর্ষে-পান-ফুল চাষে বিপর্যয়!ক্ষতিগ্রস্ত ৫.৭৩ লক্ষ কৃষক,২০৫ কোটি টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে ১.৬ লক্ষ হেক্টরেরও বেশি কৃষিজমিতে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫.৭৩ লক্ষ কৃষকের জন্য ২০৫ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির প্রাথমিক হিসাব সামনে এসেছে। সরকারি প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ১ লক্ষ ৬০ হাজার হেক্টরেরও বেশি কৃষিজমিতে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লক্ষ ৭৩ হাজারেরও বেশি কৃষক। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকারের তরফে ২০৫ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমিতে খরিফ ধান, সর্ষে, মসুর, আলু, বিভিন্ন শাকসবজি, পান বরজ, ফুল এবং ফলের চাষ ছিল। ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব তৈরির কাজ চলছে।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড (SDRF) থেকে যোগ্য ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সেচযুক্ত জমিতে ক্ষতির ক্ষেত্রে প্রতি হেক্টরে ১৭ হাজার টাকা ইনপুট ভর্তুকি দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে প্রতি কৃষককে ন্যূনতম ২ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। বৃষ্টিনির্ভর জমির ক্ষেত্রে প্রতি হেক্টরে ৮ হাজার ৫০০ টাকা এবং ন্যূনতম ১ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। দীর্ঘস্থায়ী ফসলের ক্ষেত্রে প্রতি হেক্টরে ২২ হাজার ৫০০ টাকা, ন্যূনতম ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে চাষ শুরু করতে বীজের কিটও বিতরণ করা হবে। প্রায় ২৯ হাজার কৃষকের হাতে ধান, তিল, বাদাম এবং গ্রীষ্মকালীন মুগের বীজ তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রায় ১৯ হাজার কৃষককে গ্রীষ্মকালীন সবজির বীজের কিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই খাতে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হবে।

বিশেষ করে পান চাষিদের জন্যও পৃথক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রায় ৩৮৫ হেক্টর পান বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার ২৪০ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রয়েছে। এই খাতে মোট প্রায় ২ কোটি ৩১ লক্ষ টাকা প্রয়োজন হবে।

এছাড়াও, গত ১১ নভেম্বর মালদহ জেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৯ হাজারেরও বেশি কৃষককে প্রায় ৮ কোটি ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।

সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, কৃষি ও উদ্যানপালন ক্ষেত্র মিলিয়ে ক্ষতির আর্থিক পরিমাণ কয়েকশো কোটি টাকা।

ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব

উদ্যানপালন ক্ষেত্রে:

ফুল চাষ: ১,০৬০ হেক্টর, ক্ষতির আনুমানিক মূল্য ৯৫.৪ কোটি টাকা

পান: ৩৮৫ হেক্টর, ক্ষতির আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা

সবজি: ৭৮৯.৫ হেক্টর, ক্ষতির আনুমানিক মূল্য ১১.৮৪ কোটি টাকা

অ-দীর্ঘস্থায়ী ফল: ৩২ হেক্টর, ক্ষতির আনুমানিক মূল্য ১৯ লক্ষ টাকা

উদ্যানপালন ক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ১৩১.৪৩ কোটি টাকা।

কৃষিক্ষেত্রে:

ধান: ১ লক্ষ ৩১ হাজার ৩৮৪ হেক্টর, ক্ষতি প্রায় ৫৭৬ কোটি টাকা

সর্ষে: ২১ হাজার ৩৫০ হেক্টর, ক্ষতি প্রায় ৮৮ কোটি টাকা

মসুর: ৪ হাজার ৩৫০ হেক্টর, ক্ষতি প্রায় ১৫ কোটি টাকা

আলু: ৭১৯ হেক্টর, ক্ষতি প্রায় ৬ কোটি টাকা

কৃষিক্ষেত্রে মোট ক্ষতির আনুমানিক মূল্য ৬৮৫ কোটি টাকা।

সব মিলিয়ে কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রায় ৮১৬.৪৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে হিসাব করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবিকা রক্ষা এবং দ্রুত কৃষিকাজ পুনরায় শুরু করাই রাজ্য সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হলে সহায়তার বিস্তারিত প্রক্রিয়া আরও স্পষ্ট হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন