ঝাড়গ্রামে প্রশাসনিক সভা থেকে জঙ্গলমহলের উন্নয়নে ১২১ কোটি টাকার প্রস্তাব দিল্লিতে পাঠানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ ও দক্ষতা উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:একসময় মাওবাদী আতঙ্ক,রাজনৈতিক সংঘর্ষ,অপহরণ এবং পুলিশি অভিযানের কারণে বারবার শিরোনামে উঠে এসেছিল জঙ্গলমহল। সেই অতীত পেরিয়ে এবার উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ঝাড়গ্রামে প্রশাসনিক সভা থেকে জঙ্গলমহলকে মাওবাদী-মুক্ত রাখার অঙ্গীকারের পাশাপাশি উন্নয়নের জন্য ১২১ কোটি টাকার প্রস্তাব দিল্লিতে পাঠানোর কথা ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান,স্বাস্থ্য, বিদ্যুৎ,জলসম্পদ, পানীয় জল,প্রাণিসম্পদ, উদ্যানপালন,বন এবং দক্ষতা উন্নয়নের মতো একাধিক ক্ষেত্রে এই অর্থ খরচের পরিকল্পনা রয়েছে।তাঁর দাবি, ঝাড়গ্রামের জন্য বিশেষ উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাবের অনুমোদন ও অর্থ বরাদ্দের বিষয়টি এখনও স্পষ্ট নয়।
সভায় অতীতের অশান্তির দিনগুলির কথা স্মরণ করে শুভেন্দু অধিকারী বলেন, জঙ্গলমহলের মানুষ দীর্ঘদিন ধরে দারিদ্র, অনুন্নয়ন এবং মাওবাদী কার্যকলাপের কারণে সমস্যার মধ্যে ছিলেন। সেই পরিস্থিতি বদলাতে নিরাপত্তার পাশাপাশি উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।একসময় ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় মাওবাদী কার্যকলাপ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং অপহরণের মতো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল।
এবার সেই অতীত পিছনে ফেলে জঙ্গলমহলে শান্তি, কর্মসংস্থান এবং উন্নয়নের নতুন দিশা দেখানোই সরকারের লক্ষ্য। তবে ১২১ কোটি টাকার প্রস্তাব বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আসে,এখন সেদিকেই নজর থাকবে।
