রবিবার, অক্টোবর 25, 2026
14:19:52 | কলকাতা
সর্বশেষ সংবাদ

এসি কামরায় স্কুল ব্যাগ, ভিতরে মাদকের গোপন রহস্য!পুলিশের জালে মহিলা,সামনে আসবে কি বড় পাচারচক্র?

শিলিগুড়ির এনজেপি স্টেশনে রেল পুলিশের অভিযানে বিবেক এক্সপ্রেসের এসি কামরা থেকে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার অসমের বাসিন্দা রেহানা খাতুন। তদন্ত শুরু করেছে জিআরপি।

তপন রায়,মানুষের মতামত:দূরপাল্লার ট্রেনের এসি কামরায় মাদক পাচারের ছক! গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল রেল পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অসমের এক মহিলাকে।ধৃতের নাম রেহানা খাতুন (৩১)। তিনি অসমের নগাঁও জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

অসম থেকে আসা ডাউন বিবেক এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে বি-৫ এসি কামরায় এক সন্দেহভাজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালান পুলিশ আধিকারিকেরা। মহিলার স্কুল ব্যাগ থেকে ছটি সাবানের কেসে রাখা প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।কোথা থেকে এল এই মাদক? দক্ষিণ ভারতে কার কাছে পৌঁছনোর কথা ছিল? এই পাচারচক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন