সাইবার হানার ঘটনায় তথ্য জড়িত থাকা গ্রাহকদের ইমেল ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাল এসবিআই। অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত বলে আশ্বাস, OTP ও PIN নিয়ে সতর্কবার্তা।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:সাইবার হানার ঘটনা ঘিরে গ্রাহকদের উদ্বেগের মধ্যেই আশ্বাস দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। ব্যাঙ্কের দাবি, এই ঘটনায় যাঁদের তথ্য জড়িত থাকার বিষয়টি চিহ্নিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টের ব্যালান্স এবং জমা টাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট গ্রাহকদের ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথকভাবে বার্তা পাঠিয়ে বিষয়টি জানিয়েছে ব্যাঙ্ক।
এসবিআইয়ের এক্স (X) হ্যান্ডলে জানানো হয়েছে, যাঁদের তথ্য এই ঘটনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছিল, তাঁদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একইসঙ্গে গ্রাহকদের আশ্বস্ত করে ব্যাঙ্ক জানিয়েছে, তাঁদের অ্যাকাউন্টে থাকা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত।
তবে এই ঘটনার পর অনলাইন লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গ্রাহকদের উদ্দেশে স্পষ্ট বার্তা, কোনও অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা সংস্থার সঙ্গে ওটিপি, পিন কিংবা পাসওয়ার্ড ভাগ করে নেওয়া যাবে না। সন্দেহজনক ফোন কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ বার্তা ও ইমেল থেকেও সতর্ক থাকতে হবে।ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার জালিয়াতির ঝুঁকিও বাড়ছে। তাই ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য সুরক্ষিত রাখা এবং সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত ব্যাঙ্ককে জানানোই এখন গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
